দক্ষিন 24 পরগণা – প্রেমের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করায় কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকার রঘুদেবপুরে। অভিযুক্ত যুবকের নাম বিশাল নস্কর বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এলাকার এক কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিশাল। রাস্তায় চলাফেরার সময় নানাভাবে তাঁকে উত্ত্যক্ত করা হতো বলেও অভিযোগ। তবে ওই ছাত্রী বারবার সেই প্রস্তাব নাকচ করে দেন। পরিবার সূত্রে অভিযোগ, বিষয়টি মেনে নিতে পারেনি অভিযুক্ত যুবক।
ঘটনার সূত্রপাত গত ২৫ নভেম্বর। অভিযোগ, ওই দিন রাস্তায় কলেজ ছাত্রীকে আটক করে পানীয় জলের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেয় বিশাল। বিষ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় এক মাস ধরে কলকাতার বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ছাত্রী। তবে দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। বুধবার তাঁর মৃত্যু হয়। ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
মৃত ছাত্রীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
মৃত ছাত্রীর পরিবারের দাবি, অভিযুক্ত বিশাল নস্কর ও তাঁর পরিবার ঘটনার পর থেকেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।




















