প্লেব্যাক থেকে অবসর, এবার কি পরিচালকের আসনে অরিজিৎ সিং? জল্পনায় সরগরম টিনসেল টাউন

প্লেব্যাক থেকে অবসর, এবার কি পরিচালকের আসনে অরিজিৎ সিং? জল্পনায় সরগরম টিনসেল টাউন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টিনসেল টাউন থেকে দেশজুড়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে একটাই নাম—অরিজিৎ সিং। সম্প্রতি প্লেব্যাক গান থেকে অবসর ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। হঠাৎ এমন সিদ্ধান্তে চমকে গিয়েছেন অনুরাগী থেকে শুরু করে সঙ্গীত মহল। এর মধ্যেই একের পর এক গুঞ্জন ছড়াচ্ছে—কেউ বলছেন রাজনীতিতে নামতে পারেন অরিজিৎ, আবার কারও দাবি, এবার ক্যামেরার নেপথ্যে নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে।
নেটপাড়ায় জোর চর্চা, অরিজিৎ নাকি এবার সিনেমা পরিচালনায় হাত পাকাতে চলেছেন। এমনকি গুঞ্জন, ইতিমধ্যেই একটি ছবির পরিচালনার কাজ সেরেছেন তিনি। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বোলপুরে শুটিং হওয়া সেই ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং অরিজিতের কন্যা শোরা। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত গায়কের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্লেব্যাক থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ জানিয়েছেন, তিনি সঙ্গীত ছাড়ছেন না। বরং নতুন ধারার গানে মন দিতে চান এবং নতুন গায়ক-গায়িকাদের গান শুনতে ও তাঁদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চান। সেই কারণেই প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। সঙ্গীতের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকছে বলেই স্পষ্ট করেছেন তিনি।
বাংলা ছবিতে অরিজিতের আপাতত শেষ প্লেব্যাক হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির বহুল চর্চিত গান ‘ক্ষণে গোরাচাঁদ ক্ষণে কালা’ ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অন্যদিকে হিন্দিতে তাঁর গাওয়া ‘মাতৃভূমি’ গানের ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা সলমন খানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এ ব্যবহার করা হয়েছে। অবসর ঘোষণার আগে এটিকেই তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি প্লেব্যাক গান বলা হচ্ছে, যদিও আগামী দিনে আরও কিছু গান মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অরিজিৎ।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ সিং। মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও নিজের শহরে পাড়ার ছেলের মতোই ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। বরাবরই মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন এই জনপ্রিয় গায়ক। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর পর জীবনের কোন নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অরিজিৎ, সেই দিকেই এখন তাকিয়ে তাঁর অসংখ্য অনুরাগী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top