দেশ – ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) ফাস্টট্যাগ বার্ষিক পাসের দাম বাড়ানোর ঘোষণা করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীন এনএইচএআই-এর পক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ী, এখন থেকে বার্ষিক পাসের জন্য দিতে হবে ৩০৭৫ টাকা। আগে এই পাসের মূল্য ছিল ৩০০০ টাকা। ফলে এক ধাক্কায় দাম বেড়েছে ৭৫ টাকা।
নতুন এই ফি শুধুমাত্র নন-কমার্শিয়াল বা ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত গাড়ির মালিকদের জাতীয় সড়কে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত খরচ বহন করতে হবে। বর্ধিত এই মূল্য আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে গত বছরের আগস্ট মাসে ফাস্টট্যাগ বার্ষিক পাস চালু করা হয়েছিল। নিয়মিতভাবে জাতীয় সড়কে চলাচলকারী গাড়ির চালকদের জন্য এই পাস বিশেষভাবে কার্যকর, কারণ এতে অতিরিক্ত টোল শুল্ক এড়ানো যায়। নতুন নিয়ম অনুযায়ী, এই বার্ষিক পাসের বৈধতা এক বছর। এর মাধ্যমে সর্বাধিক ২০০টি টোল প্লাজা ব্যবহার করা যাবে। এরপর রাজমার্গ যাত্রা অ্যাপ অথবা এনএইচএআই-এর সরকারি ওয়েবসাইটের মাধ্যমে পাস পুনরায় রিচার্জ করা যাবে। কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ৫০ লক্ষেরও বেশি গাড়ির মালিক এই বার্ষিক পাস ব্যবহার করছেন।
এদিকে, কয়েকদিন আগেই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে হাইওয়ের টোল প্লাজায় আর নগদ লেনদেন গ্রহণ করা হবে না। টোল দিতে হবে কেবলমাত্র ফাস্টট্যাগ বা ইউপিআই পদ্ধতিতে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ চলতি অর্থবর্ষের ৩১ মার্চ পর্যন্ত টোল প্লাজায় নগদ লেনদেন চালু থাকবে।
কেন্দ্রের মতে, এই ‘ক্যাশলেস টোলিং’ ব্যবস্থা দ্রুত, স্বচ্ছ এবং আরও নির্ভরযোগ্য হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে জাতীয় সড়কে যাতায়াত ব্যবস্থায় ডিজিটাল পেমেন্ট আরও জোরদার হবে বলে মনে করছে সরকার।




















