অফ বিট – একঘেয়ে জীবনের ক্লান্তি কাটাতে একটু শান্তি আর আনন্দের খোঁজে থাকেন প্রায় সকলেই। সেই খোঁজেই যদি পৌঁছে যাওয়া যায় বিশ্বের সবচেয়ে সুখী দেশে, তাও আবার একেবারে বিনামূল্যে—তাহলে কেমন হয়? ঠিক এমনই এক অনন্য সুযোগ নিয়ে হাজির হয়েছে ইউরোপের দেশ ফিনল্যান্ড, যা টানা কয়েক বছর ধরে বিশ্বের সুখীতম দেশের তকমা ধরে রেখেছে।
United Nations-এর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, ফিনল্যান্ডের মানুষ তাদের জীবনযাপন, সমাজব্যবস্থা ও প্রশাসনের প্রতি সন্তুষ্ট। শুধু নিজেরাই সুখে থাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে, এই অভিজ্ঞতা বিশ্বের মানুষের সঙ্গে ভাগ করে নিতে তারা চালু করেছে একটি বিশেষ উদ্যোগ—‘চিল লাইক আ ফিন’ ক্যাম্পেন।
এই ক্যাম্পেনের মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে সাতদিন থাকার সুযোগ পাবেন ফিনল্যান্ডের লেকল্যান্ড অঞ্চলে। এখানে পর্যটকদের শেখানো হবে কীভাবে দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাস বদল করে জীবনে সুখ ও মানসিক শান্তি আনা যায়। এটি কোনও সাধারণ ভ্রমণ নয়, বরং এক ধরনের লাইফস্টাইল অভিজ্ঞতা, যেখানে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়াই মূল লক্ষ্য।
ভ্রমণ শুরু হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি থেকে। এরপর অংশগ্রহণকারীরা ঘুরে দেখবেন দেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য—জঙ্গল, হ্রদ ও সমুদ্রসৈকত। নেচার ওয়াক, সওনা, ওয়েলনেস সেশন—সব মিলিয়ে একেবারে আলাদা অভিজ্ঞতা অপেক্ষা করছে। গ্রীষ্মকালে এই ট্রিপের আয়োজন করা হয়, যখন আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক এবং দিনের আলোও দীর্ঘসময় থাকে।
তবে এই সুযোগ পেতে হলে কিছু শর্ত মানতেই হবে। আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং তিনি ফিনল্যান্ডের নাগরিক হতে পারবেন না। একা নয়, এই ট্রিপে অংশ নিতে হবে বন্ধু, সঙ্গী বা পরিবারের কাউকে নিয়ে। পাশাপাশি ইংরেজি ভাষায় সাধারণ যোগাযোগ দক্ষতা এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন।
উদ্যোক্তাদের পছন্দ হলে এই স্বপ্নের ভ্রমণের জন্য এক টাকাও খরচ করতে হবে না। ফিনল্যান্ড এর আগেও এমন উদ্যোগ নিয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে সুখ ও মানসিক শান্তির আসল রহস্য জানার জন্য।
প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটিয়ে, জীবনের ব্যস্ততা থেকে দূরে সরে একচিলতে আনন্দ খুঁজে নিতে চাইলে—সুখের দেশ ফিনল্যান্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।




















