ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

ফিলিস্তিনিসহ ৭ দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – ফিলিস্তিনিসহ মোট সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলি হল বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, দেশ ও মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দেশগুলির ক্ষেত্রে নাগরিকদের পরিচয় যাচাই, তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা সংক্রান্ত স্ক্রিনিং প্রক্রিয়ায় একাধিক গুরুতর ঘাটতি রয়েছে। সেই কারণেই ঝুঁকি এড়াতে এই দেশগুলির নাগরিকদের উপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে গত নভেম্বর মাসে ১৯টি দেশের নাগরিকদের গ্রীনকার্ড পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় ছিল আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন। ডিসেম্বরের শুরুতেই হোয়াইট হাউস জানিয়েছিল, এই তালিকা আরও বাড়ানো হতে পারে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুক হামলায় ১৫ জন ইহুদির মৃত্যুর ঘটনার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে—এমন ইঙ্গিত আগেই দিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে সিরিয়ার নাগরিকদের উপরও নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক মহলে কিছুটা অপ্রত্যাশিত বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। প্রাক্তন আল-কায়দা জঙ্গি হিসেবে পরিচিত শারার বিরুদ্ধে আগে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। হোয়াইট হাউস সফরের আগে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু এবার ফের গোটা সিরিয়ার নাগরিকদের উপর আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থান নিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top