রাজ্য – শীতের আমেজ এখন রাজ্য জুড়েই। মাঝখানে তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও ফের হু হু করে নামতে শুরু করেছে পারদ। উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বেড়েছে শিরশিরানি। ফেব্রুয়ারি মাসে এমন ঠান্ডা দেখে রীতিমতো ভিমরি খাচ্ছেন সাধারণ মানুষ। তবে প্রশ্ন একটাই—এই শীত কি আরও কিছুদিন থাকবে, নাকি দ্রুতই বিদায় নেবে? আবহাওয়া দপ্তর অবশ্য শীত ফেরার বদলে অন্য ইঙ্গিতই দিচ্ছে।
এই মুহূর্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। বিশেষ করে রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন উত্তর দিক থেকে বইতে থাকা ঠান্ডা হাওয়ার দাপটে শীতের অনুভূতি বজায় থাকবে। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া।
পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করবে ১০ ডিগ্রির আশপাশে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। কোথাও কোথাও পারদ নেমে যেতে পারে ১০ ডিগ্রির কাছাকাছি, যদিও বেশিরভাগ জায়গায় তা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই থাকবে।
তবে এই ঠান্ডা বেশিদিন স্থায়ী হবে না বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের ঘরে ফিরবে এবং শীতের দাপট অনেকটাই কমে যাবে।
আগামী সাত দিন কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া—প্রায় সব জেলাতেই হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকাল ও রাতের দিকে দৃশ্যমানতা কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গেও এই মুহূর্তে তাপমাত্রা বেশ খানিকটা নেমে গিয়েছে। মাঘের শেষবেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পাহাড় থেকে সমতলে। তবে এখানেও এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না। বুধবারের পর থেকে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে তুলনামূলকভাবে বেশি কুয়াশা পড়তে পারে, অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আবহাওয়ায় ধীরে ধীরে বদলের ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে।




















