কলকাতা —
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা আরও বাড়ল। একের পর এক মামলায় নাম জড়ানোর পর এবার কলকাতা হাই কোর্টেও ধাক্কা খেলেন তিনি। শালবনি জমি দুর্নীতি মামলায় আগেই আইনি রক্ষাকবচ পেয়েছিলেন সুমিত। কিন্তু বাকি চারটি মামলায় সেই সুবিধা আর মিলল না। বৃহস্পতিবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট।
কী আবেদন করেছিলেন সুমিত রায়?
সুমিত রায়ের বিরুদ্ধে প্রথমে শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পদক্ষেপ করা হয়। পরবর্তী সময়ে আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায় রাজ্যের তদন্তকারী সংস্থা। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন।
এই পরিস্থিতিতে নতুন করে আইনি জটিলতায় পড়া এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত। তাঁর আবেদন ছিল, নতুন করে যেন তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা করা না হয়। পাশাপাশি, যে মামলাগুলিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলিতেও যেন তাঁর বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ না করা হয়।
কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। ফলে শালবনি জমি দুর্নীতি মামলায় আগে পাওয়া আইনি সুরক্ষা থাকলেও বাকি চারটি মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন না তিনি।
এই রায়ের ফলে সুমিত রায়ের আইনি পরিস্থিতি আরও জটিল হল বলে মনে করা হচ্ছে। আগামী দিনে সংশ্লিষ্ট মামলাগুলিতে তদন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।




















