
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ শে আগস্ট : ফের একবার খবরের শিরোনামে নানুর। গতকাল রাতে নানুরের যজ্ঞ নগর গ্রামের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি, পাশাপাশি বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ। বোমা ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
গতকাল গ্রামের বেশ কয়েকজন যুবক বাহিড়ি গ্রাম পঞ্চায়েতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড কেন তারা পাচ্ছে না এই বিষয় জানতে যান। তারপর তাদের লক্ষ্য বাড়ি লক্ষ্য করে রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে গ্রামে ব্যাপক বোমাবাজি, ভাঙচুর চালায় বলে অভিযোগ। যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বা বোমা মারা হয়েছে তারা একসময় সিপিএম করতো, বর্তমানে তৃণমূলের সঙ্গে যুক্ত।
আক্রান্তদের দাবি, “আমাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেওয়া হবে না বলেই এমন আক্রমণ আমাদের উপর।”
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, “স্বাস্থ্য সাথী কার্ডের জন্য যাদের নাম এসেছে তাদের দেওয়া হয়েছে। আর যারা বোমাবাজি করেছে তারা নিজেদেরই লোক। এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগাযোগ নেই। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই বোমাবাজি, আর তার দায়ভার তৃণমূলের উপর চাপাতে চাইছে।”
ঘটনার পর রাতেই এলাকায় এলাকায় পৌঁছায় নানুর থানার পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে আটক করা হয়েছে দুইজনকে।


















