
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৯ শে আগস্ট : ফের বীরভূমে তৃনমূলের নেতার বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে তীব্রতা এতটাই যে ভেঙে পড়লো সম্পূর্ন বাড়ি, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে গিয়ে পড়ল বাড়ির ছাউনি। ঘটনায় আহত তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন। বৃহস্পতিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত সাহাপুর এলাকার রেঙুনিয়া গ্রামে।
রেঙুনিয়া গ্রামের তৃণমূল বুথ সভাপতি সেখ বদরুজ্জার বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে এই ভয়ানক বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেড়ে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, এই তৃনমূল নেতা বদরুজ্জার মেয়ে হাইতুন্নেসা খাতুন সাহাপুর পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। আজ সকালের হঠাৎ বিস্ফোরণে ভেঙে পরে গোটা একটি পাকা বাড়ি। বাড়ির ভেতরের বোমা মজুত থেকেই এই বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান।
গ্রামবাসীদের অভিযোগ বুথ সভাপতি থেকে দুর্নীতির অভিযোগের দিন কয়েক আগেই সরিয়ে দেওয়া হয় তাঁকে। এরপরই তৃণমূলের অন্য গোষ্ঠীর সাথে বিবাদে জড়িয়ে পড়ে সে। তাদের ওপর আক্রমণ করার জন্যই বাড়ির ভেতর মজুদ করা হয়েছিল বোমা।
প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবার খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানা এলাকার বড়রা গ্রামের নামো পাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্য মুহিবুর শেখের বাড়িতেও বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে উড়ে যায় ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি। যদিও সেই ঘটনাই তৃণমূলের জেলা নেতৃত্ব দাবি করে, বিজেপি ঝাড়খন্ড থেকে লোক নিয়ে এসে মহিবুলকে মারার পরিকল্পনা করেছিল।
খয়রাশোল ব্লকের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আজ সাহাপুরে তৃণমূল নেতা সেখ বদরুজ্জার বাড়ি বিস্ফোরণে উড়ে গেল। জেলায় বারবার এমন ঘটনা রীতিমতো আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি করেছে বলে রাজনৈতিক মহলের মন্তব্য।



















