আলিপুরদুয়ার —
বিরাট আয়োজন করে বক্সায় নিয়ে আসা ডুয়ার্স রানি এনক্লোজার খুঁড়ে পালিয়েছে রবিবার। তার ফের অসমের দিকে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেডিওকলারের শেষ সংকেতও তেমন ইঙ্গিত দিচ্ছে। যদিও গত তিন-চার দিনের গতিবিধি বিশ্লেষণ করে মনে করা হচ্ছে, বাঘিনিটি এখনও বক্সা এলাকাতেই রয়েছে। এরই মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উঠতে শুরু করেছে গুরুতর প্রশ্ন। বারবার ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াইয়ে বাঘিনিটির শরীরের উপর কতটা চাপ পড়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা।
এই বিতর্কের মধ্যেই সামনে এসেছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাংলায় স্থানান্তরের দীর্ঘ ছয় সপ্তাহে একাধিকবার চোট পেয়েছে বাঘিনিটি। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরও চাঞ্চল্যকর দাবি, এই দীর্ঘ যাত্রা ও স্থানান্তরের ধকলের জেরে বাঘিনিটির গর্ভে থাকা তিনটি শাবক নষ্ট হয়ে গিয়েছে।
অসমে উদ্ধারের পরই গর্ভপাতের ঘটনা?
প্রতিবেদন অনুযায়ী, অসম থেকে বাঘিনিটিকে উদ্ধারের পর তাকে সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সময় ও অর্থের অভাবে বন দফতর হরিণ রাখার একটি খাঁচাকেই বাঘিনির এনক্লোজার হিসেবে ব্যবহার করে। ওই খাঁচা বাঘিনিটিকে আটকে রাখার পক্ষে যথেষ্ট ছিল না বলেও দাবি করা হয়েছে।
গত ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গেলাগুড়ি গ্রামে ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে বাঘিনিটিকে ফের ধরা হয়। এরপরই তার গর্ভে থাকা তিনটি শাবকের গর্ভপাতের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে দাবি। পরবর্তী সময়ে বন দফতরের আধিকারিকরা জানতে পারেন, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল।
স্থানান্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন
বারবার স্থান পরিবর্তন, ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টার মধ্যে বাঘিনিটির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব পড়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
তবে বাঘিনিটির শারীরিক অবস্থা এবং তিনটি শাবকের গর্ভপাতের কারণ নিয়ে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, সে বিষয়ে বন দফতরের বিস্তারিত বক্তব্য এখনও সামনে আসেনি। ডুয়ার্স রানির পরবর্তী গতিবিধির পাশাপাশি তার স্বাস্থ্য নিয়ে এখন নজর রয়েছে বনকর্মী ও পশুপ্রেমীদের।


















