রাজ্য – বঙ্গোপসাগরে ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক মৎস্যজীবী। এখনও কয়েকজনের খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা। বুধবার বিধানসভায় এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃত মৎস্যজীবীদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, প্রত্যেক মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের ব্যবস্থাও করা হবে।
এই দুর্ঘটনা নিয়ে এর আগেই শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত ২ জুলাই শঙ্করপুর মৎস্য বন্দর থেকে ‘জয় মা কালী’ নামে একটি ট্রলার ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দেয়। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কোস্ট গার্ড এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বিস্তৃত তল্লাশি অভিযান শুরু হয়।
তল্লাশি অভিযানের সময় সুন্দরবনের বাঘের চক এলাকার কাছাকাছি সমুদ্র থেকে ক্ষতিগ্রস্ত ট্রলারটির সন্ধান মেলে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত একাধিক দেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলির তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখছে প্রশাসন।




















