দেশ – একদিকে বিহারে জয়ের পরও বিতর্কের মুখে পড়েছে বিজেপি, অন্যদিকে দেশের নানা মণীষীর সম্পর্কে কুকথা বলে বিতর্কে জড়িয়েছেন বহু নেতা-মন্ত্রীরা। এই অবস্থায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বছরের শেষে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর আগমনের প্রথম স্টপ হবে কলকাতার আরএসএস ভবন।
গুঞ্জন চলেছে, অমিত শাহের এই সফর প্রমাণ করছে, বিজেপি আরএসএসের সঙ্গে পুরনো সম্পর্কের ওপর নির্ভর করতে চাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার তিনি আরএসএসের বঙ্গ হেডকোয়ার্টার কেশব ভবনে যাবেন। সেখানে দু’ঘণ্টার বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
সদ্য কলকাতায় এসে কড়া ভাষায় নাম না করে বিজেপিকে তিরস্কার করেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, “বিজেপির চোখ দিয়ে আরএসএসকে দেখলে ভুল হবে। আরএসএসের শত্রু নেই। হিন্দুদের ঐক্যবদ্ধ করাই আরএসএসের কাজ।” এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির টনক নড়েছে। সংগঠন বড় হলে অনেকের স্বার্থে আঘাত লাগে, বলেও মন্তব্য করেছিলেন ভাগবত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন বাংলায় এসেছিলেন, তখন চপার নামতে না পারায় বিমানবন্দর থেকে অডিও বার্তা দিয়ে অসম চলে যেতে হয়েছিল। এবার অমিত শাহ বাংলায় এসে আরএসএসকে আরও সক্রিয় করার আর্জি রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পাঁচ মাস কেটে গেছে শমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন, কিন্তু এখনও রাজ্য কমিটি গড়ে ঘোষণা করতে পারেননি। কেশব ভবনের সঙ্গে বিজেপি নেতৃত্বের এই মতানৈক্য সমাধান করতে অমিত শাহের বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।




















