বড়দিনের সকালে লোকালয়ে গজরাজের তাণ্ডব, হাতির হানায় মৃত ১, জখম ২

বড়দিনের সকালে লোকালয়ে গজরাজের তাণ্ডব, হাতির হানায় মৃত ১, জখম ২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


আলিপুরদুয়ার – বড়দিনের সকালে ঘন কুয়াশার আড়ালে লোকালয়ে ঢুকে পড়ল দাঁতাল হাতি। হাতির হানায় মৃত্যু হয়েছে একজনের, গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকায়। আচমকা এই ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় ছ’টা নাগাদ একটি বিশাল দাঁতাল হাতি প্রথমে জটেশ্বরের মাদ্রাসাপাড়া এলাকায় ঢুকে পড়ে। সেখানে একটি মাছের বরফ কারখানির সামনে দাঁড় করানো একাধিক গাড়ি ভেঙে চুরমার করে দেয় গজরাজ। এরপর হাতিটি সেখান থেকে হেঁটে হেদায়েতনগরের রামকৃষ্ণপল্লী এলাকায় ঢুকে পড়ে।

হাতির তাণ্ডবের মাঝেই টুম্পা দেবনাথ নামে এক মহিলা আচমকা হাতির সামনে পড়ে গুরুতর জখম হন। হাতিটি এলাকা ছেড়ে সরে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। একই এলাকায় এক ভ্যানচালকও হাতির আক্রমণে আহত হন। তাকেও উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এদিকে জটেশ্বর সংলগ্ন ব্যাংকান্দি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় পবিত্র রায় নামে এক ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতরের কর্মী ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বনদফতর ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। লোকালয়ে বারবার হাতির ঢুকে পড়া নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন এলাকার মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top