বনগাঁয় ভোটার তালিকা ঘিরে আতঙ্ক, বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ নিয়ে ক্ষোভ

বনগাঁয় ভোটার তালিকা ঘিরে আতঙ্ক, বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ নিয়ে ক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগনা – বিড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে বনগাঁ মহকুমায় নতুন করে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগ, প্রায় ৩৭ হাজার মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। পাশাপাশি বিচারাধীন তালিকায় ছিল প্রায় ৫০ হাজার ভোটারের নাম, যা নিয়েই আগে থেকেই আতঙ্কে ছিলেন বহু মানুষ। এর মধ্যেই সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশনের প্রকাশ করা অতিরিক্ত তালিকায় আরও বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর অনুযায়ী, একাধিক বুথে বিচারাধীন থাকা বহু নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। ফলে মতুয়া অধ্যুষিত এলাকাগুলিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাগদা এলাকায় প্রায় ১৩ হাজার নাম বিচারাধীন ছিল। হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মন্ডপঘাটা ১২৭ নম্বর পার্টে বিচারাধীন থাকা ৪৭ জনের নামই বাদ পড়েছে বলে দাবি। একইভাবে পুরাতন হেলেঞ্চার ১৩৩ নম্বর বুথে ৪৩ জনের মধ্যে ৪২ জনের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে, এমনকি ফের দেশছাড়া হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
সূত্রের খবর, বনগাঁ মহকুমার বিচারাধীন তালিকায় প্রায় পঞ্চাশ হাজার নাম ছিল। এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ না হলেও আংশিক তথ্য অনুযায়ী বাগদায় ১৯৯৩ জন, বনগাঁ উত্তরে ২৬৪ জন, বনগাঁ দক্ষিণে ৬৬ জন এবং গাইঘাটা বিধানসভা এলাকায় ২২৪০ জনের নাম বাদ গিয়েছে। দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা বহু মানুষ এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। ৭২ বছরের আশুতোষ বিশ্বাস জানান, তাঁর কাছে ১৯৯৫ সালের ভোটার প্রমাণপত্র রয়েছে এবং সরকারি আবাসনের সুবিধাও পেয়েছেন, তবুও তাঁর নাম বাদ যাওয়ায় তিনি ক্ষুব্ধ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবারের সদস্যদের পুরনো ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এবং সমস্ত তথ্য জমা দেওয়ার পরেও অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। এক যুবক অম্বিক বিশ্বাস বলেন, তাঁদের পরিবার বহু বছর ধরে এখানে বসবাস করছে, ভোট দিচ্ছে, তবুও নতুন তালিকায় চারজনের নাম বাদ পড়েছে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। মতুয়াদের একাংশ সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যাওয়ার কথা শোনা গেলেও বাস্তবে হিন্দু মতুয়া উদ্বাস্তুদের নামই বাদ পড়ছে। অন্যদিকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস অভিযোগ করেছেন, এটি বিজেপির পরিকল্পিত চক্রান্ত, যার ফল ভোগ করছেন সাধারণ মানুষ।
যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নির্বাচন কমিশনের আওতায় পড়ে। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ জানিয়েছেন, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আশ্বাস দিয়েছে যে মতুয়া উদ্বাস্তুদের দেশ থেকে বিতাড়িত করা হবে না এবং ভবিষ্যতে তাঁদের নাম ফের তালিকাভুক্ত করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top