বনগাঁ জলসা বিতর্কে পাল্টা অভিযোগ, মিমি চক্রবর্তীর বিরুদ্ধে থানায় তনয় শাস্ত্রী

বনগাঁ জলসা বিতর্কে পাল্টা অভিযোগ, মিমি চক্রবর্তীর বিরুদ্ধে থানায় তনয় শাস্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা – বনগাঁর জলসা বিতর্কে নতুন করে উত্তাপ ছড়াল। এবার Bangaon থানায় অভিনেত্রী Mimi Chakraborty-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন নয়াগোপালগঞ্জের তনয় শাস্ত্রী। শুক্রবার বিকেলে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ক্লাবের অনুষ্ঠানে অংশ নিতে এসে মিমি চক্রবর্তী ২ লক্ষ ৬৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে না আসায় সেই টাকা ফেরত চাওয়া হয়। তাঁর দাবি, অভিনেত্রীর অভিযোগের জেরে তাঁর সম্মানহানি হয়েছে এবং সেই ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। জনসমক্ষে এসে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি।
তনয় শাস্ত্রী বলেন, তিনি ন্যায্য বিচারের দাবিতে পুলিশ সুপারের দফতরে গিয়েছিলেন এবং বনগাঁ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তাঁর অভিযোগ, অনুষ্ঠান মঞ্চে কোনওভাবে অভিনেত্রীকে অসম্মান করা হয়নি। বরং মিথ্যা মামলায় তাঁকে ১৪ দিন জেল হেফাজতে থাকতে হয়েছে। সেই ঘটনারই বিচার তিনি আদালত ও প্রশাসনের কাছে চেয়েছেন।
উল্লেখ্য, বনগাঁ নয়াগোপালগঞ্জে যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠান ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। অভিযোগ ওঠে, অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তনয় শাস্ত্রী অভিনেত্রীকে হেনস্তা করেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন প্রাক্তন সাংসদ-অভিনেত্রী। যদিও ক্লাব সদস্যরা অভিযোগ অস্বীকার করে জানান, নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টা পরে মিমি মঞ্চে আসেন এবং রাত বারোটা পর্যন্তই অনুষ্ঠানের অনুমতি থাকায় তাঁকে মঞ্চ থেকে নামতে অনুরোধ করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে বনগাঁ থানায় হেনস্তার অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্ত হন। এমনকি এই ঘটনায় বনগাঁ মহকুমা আদালতে গোপন জবানবন্দিও দেন মিমি। বর্তমানে পাল্টা অভিযোগ দায়ের করে নতুন করে বিতর্ক উসকে দিলেন তনয় শাস্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top