
আর মাত্র ১১ মাস। ২০২০ সালের মে মাস থেকে বন্ধ হয়ে যাবে রেলের ১৬৬ বছরের পুরোনো হলুদ পিচবোর্ড টিকিট। বিজ্ঞপ্তি দিয়ে এখবর জানাল রেল মন্ত্রক। ১৮৪০ সালে ইংল্যান্ডের যাত্রীবাহী ট্রেনে প্রথম চালু হয়েছিল হলদে রঙা টিকিট। তার ১৩ বছর পর ভারতে এই টিকিট চালু হয়। একটি হলুদ রংয়ের আয়ত ক্ষেত্রকার পিচবোর্ডে কালো কালিতে যাত্রার সময়, ট্রেন নম্বর, ভাড়ার উল্লেখ থাকত। পাঞ্চিং মেশিনে পাঞ্চ করে টিকিট দিতেন কাউন্টারের কর্মীরা। পরে কম্পিউটার নিয়ন্ত্রিত কাগজের টিকিট চালু হওয়ার পর হলুদ টিকিটের ব্যবহার কমে যায়। আজকাল বেশিরভাগ স্টেশনে এধরনের হলুদ টিকিটের আর চল না থাকলেও দেশের কয়েকটি প্রত্যন্ত অঞ্চলের স্টেশনে এখনও এই টিকিট চালু আছে। এ রাজ্যেরও কিছু হল্ট স্টেশন সহ প্রত্যন্ত গ্রামের স্টেশনগুলিতে এই টিকিটের দেখা মেলে।



















