বর্ষবরণের আগে রাজস্থানে বিপুল বিস্ফোরক উদ্ধার, টঙ্কে গ্রেপ্তার দু’জন

বর্ষবরণের আগে রাজস্থানে বিপুল বিস্ফোরক উদ্ধার, টঙ্কে গ্রেপ্তার দু’জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজস্থান – বর্ষবরণের ঠিক আগের দিনে রাজস্থানে বড় সাফল্য পেল নিরাপত্তা সংস্থাগুলি। বুধবার সকালে টঙ্ক জেলার বারোনি থানা এলাকার মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য—গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মারুতি সিয়াজ গাড়ির মধ্যে ইউরিয়া সারের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ছিল প্রায় ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। শুধু তাই নয়, গাড়িটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০টি বিস্ফোরক কার্তুজ এবং ছ’টি বান্ডিল সেফটি ফিউজ তার, যার মোট দৈর্ঘ্য আনুমানিক ১,১০০ মিটার।
ঘটনাস্থল থেকেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয় এবং দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম সুরেন্দ্র মোচি ও সুরেন্দ্র পাটোয়া। বর্তমানে তাঁদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিস্ফোরক সামগ্রীগুলি বুন্দি জেলা থেকে টঙ্কে আনা হয়েছিল।
টঙ্কের ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র জানান, “গোপন সূত্রে খবর পাওয়ার পরই অভিযান চালানো হয়। বিস্ফোরক বোঝাই গাড়িটি উদ্ধার হয়েছে এবং দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অ্যামোনিয়াম নাইট্রেটের অপব্যবহার নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি রয়েছে। গত ১০ নভেম্বর লালকেল্লা এলাকায় ঘটে যাওয়া একটি বিস্ফোরণের তদন্তেও এই উপাদানের ব্যবহারের তথ্য সামনে এসেছিল। সেই প্রেক্ষিতে রাজস্থানে এই উদ্ধার অভিযানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, সম্ভাব্য উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনও বড় নেটওয়ার্কের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষবরণকে সামনে রেখে রাজ্যজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও প্রশাসনিক সূত্রে খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top