বসন্তে বৃষ্টির আভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

বসন্তে বৃষ্টির আভাস, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বসন্তের শুরুতেই রাজ্যে বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ওড়িশা উপকূল সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনিবার এই তথ্য জানান আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য।
দক্ষিণবঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটিই বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। আগামী দু’দিনে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে। ফলে সকালে ও রাতে শীতের আমেজ আরও কমবে। দিনের বেলায় শীতের অনুভূতি ইতিমধ্যেই অনেকটাই উধাও হয়েছে।
উত্তরবঙ্গেও সোমবার ও মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সাত দিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কালিম্পং ও আশপাশের এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা দায়ী বলে জানানো হয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে মধ্য উত্তর প্রদেশে অবস্থান করছে, রবিবার আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
কলকাতায় দিনের তাপমাত্রা ইতিমধ্যেই ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের পারদ এখনও স্বাভাবিকের কাছাকাছি। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও সোমবার ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top