কলকাতা – শহরের বহুতল আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি নিয়ে পশ্চিমবঙ্গের জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) উপর অসন্তুষ্টি প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, বহুতল আবাসনে বুথ তৈরির নির্দেশ থাকা সত্ত্বেও শুধুমাত্র দুইটি জেলার পক্ষ থেকে রিপোর্ট জমা পড়েছে। বাকি কোনও জেলার ডিইও কোনও তথ্য দেয়নি। কমিশন চিঠি দিয়ে জানতে চেয়েছে—শুধু পশ্চিমবঙ্গ থেকেই তথ্য না-পাওয়ার কারণ কী? কমিশনের মতে, এটি ডিইওদের ব্যর্থতা এবং বিষয়টি গুরুতর।
জেলাশাসকরা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির আপত্তি রয়েছে। পাশাপাশি, বহুতলে বসবাসকারী অনেকেরাই চান না তাঁদের আবাসনেই ভোটগ্রহণ কেন্দ্র হোক। এই কারণে বহু জায়গায় নতুন বুথ তৈরি করা সম্ভব হয়নি বলে ডিইওরা কমিশনকে জানিয়েছেন। কিন্তু সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন। তাদের মন্তব্য—অন্য কোনও রাজ্য থেকে এমন সমস্যা বা আপত্তির রিপোর্ট আসেনি। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন এই বাধা তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।
দু’বার নির্দেশ দেওয়ার পরও কেন প্রস্তাব পাঠানো হয়নি, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। সংশ্লিষ্ট চিঠিতে “সিরিয়াস” শব্দ ব্যবহারের মাধ্যমে বিষয়টির গুরুত্বও স্পষ্ট করেছে তারা। জনপ্রতিনিধি আইনের উল্লেখ করে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—যেখানে প্রয়োজন সেখানে বুথ না-হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট ডিইওদেরই।
কমিশনের নির্দেশ অনুযায়ী, ২৫০টি বাড়ি এবং ৫০০ জনের বেশি ভোটার রয়েছে এমন সব আবাসনে সমীক্ষা চালিয়ে নতুন বুথ তৈরির প্রস্তাব পাঠাতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই চূড়ান্ত প্রস্তাব কমিশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।




















