রাজ্য – বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণা হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। এই প্রেক্ষাপটে ফের সরব হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ৪ নভেম্বরের আগে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা যেন দেশে ফিরে যান। তাঁর হুঁশিয়ারি, “হাতে এখনও ২৪ ঘণ্টা আছে। ৪ তারিখের আগে পালাও। ৪ তারিখে ফর্ম বিতরণের পর যে ফর্মগুলো রিটার্ন আসবে না, বাংলাদেশি মুসলিমদের ডিপোর্ট করবে বিএসএফ।”
তিনি আরও বলেন, “যে রাস্তা দিয়ে এসেছ, কাল ভোর হওয়ার আগে সেই রাস্তা দিয়েই পালাও। ৭ ফেব্রুয়ারি ভোটার লিস্টে নাম না থাকলে রাজ্যের পুলিশও বাঁচাতে পারবে না।” তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে। এখন সাপ বেরচ্ছে।”
উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) ঘোষণা করেছে। আগামী ৪ নভেম্বর থেকে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করবেন। ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এই আবহে শুভেন্দুর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূচনা হয়েছে।
বিরোধী দলনেতা আরও দাবি করেন, “২০-২৫ শতাংশ মুসলিম বাংলাদেশি ইতিমধ্যেই পালিয়েছে। সীমান্ত এলাকার বহু গ্রাম এখন ফাঁকা। নিউটাউনে কাজের লোকও নেই। নির্বাচন কমিশন যেন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, তাই সাপগুলো বেরোচ্ছে।”
শুভেন্দুর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “তাহলে তো প্রশ্ন উঠবে, এরা যখন ঢুকছিল তখন বিএসএফ কী করছিল? তখন কি আঙুল চুষছিল? ঢুকতে দিয়েছিল কেন?” কুণালের মন্তব্যে স্পষ্ট, তৃণমূল এই বিতর্কে কোনও দায় নিতে রাজি নয়, বরং কেন্দ্রীয় বাহিনীকেই প্রশ্নের মুখে ফেলতে চায়।
সীমান্ত জুড়ে বর্তমানে সতর্কতা জারি করেছে প্রশাসন। বিএসএফের নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।




















