মালদা – ফের চলল গুলি, কিন্তু এবার নেপথ্যে নেই রাজনীতি—পুরো ঘটনাটির মূল কারণ পারিবারিক বিবাদ। ওল্ড মালদা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের খইহাট্টা এলাকায় এই গুলিবর্ষণের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বাইক না দেওয়ায় ভাই প্রকাশ দত্তকে গুলি করে খুনের চেষ্টা করেছে দাদা মদন দত্ত। গুলিবিদ্ধ প্রকাশ দত্তের বয়স ৪৩ বছর। ঘটনার পর থেকেই অভিযুক্ত মদন দত্ত পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরেই টাকা-পয়সা ও সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। সম্প্রতি সেই ঝামেলায় নতুন মাত্রা যোগ হয় একটি মোটরবাইক নিয়ে। এদিন সন্ধ্যায় মদন দত্ত ভাই প্রকাশের কাছে বাইক চায়। কিন্তু প্রকাশ তা দিতে রাজি না হওয়ায় বচসা চরমে ওঠে। উত্তেজনার মুহূর্তে মদন দত্ত নিজের ভাইকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগে প্রকাশের পিঠে। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয় এক বাসিন্দা জানান, “বাইকটা ভাই প্রকাশের নামে। কিন্তু কেনার সময় দাদা নাকি কিছু টাকা দিয়েছিল। তাই মাঝে মাঝে সে বাইকটা চালাতো। কিন্তু এমন ছোট বিষয়ে প্রাণঘাতী ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেনি।” গুলির শব্দে শোরগোল পড়ে যায় এলাকায়। প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত প্রকাশকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং পলাতক দাদা মদন দত্তের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি, মদনের হাতে আগ্নেয়াস্ত্রটি কীভাবে এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন। পুলিশ সেই বিষয়েও তদন্তে নেমেছে।




















