বিনোদন – ৭৯তম বাফটা পুরস্কারের মঞ্চে একাধিক আন্তর্জাতিক ছবিকে পিছনে ফেলে ইতিহাস গড়েছে বুং। ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত এই ছবি প্রতিযোগিতায় পিছনে ফেলেছে ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’ ও ‘জুট্রোপলিস ২’-এর মতো ছবিকে। বিশ্ব সিনেমার দরবারে ভারতীয় ছবি হিসেবে প্রথমবার সেরার শিরোপা জিতে নজির গড়েছে এই সিনেমা।
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার দেশের দর্শকদের জন্য ফের মুক্তি পেতে চলেছে এই ছবি। আগামী ৬ মার্চ ভারতে মুক্তি পাবে লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত ‘বুং’। ইতিমধ্যেই নির্মাতাদের তরফে সোশ্যাল মিডিয়ায় মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টারও। পোস্টে ছবির টিম জানিয়েছে, ভালোবাসা, সরলতা এবং সংগ্রামের যাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই ছবি বাফটা জয় করার পর এবার বড়পর্দায় দর্শকদের সামনে আসছে।
উল্লেখযোগ্যভাবে, শুধু পরিচালনাই নয়, ছবির গল্পও লিখেছেন পরিচালক লক্ষ্মীপ্রিয়া দেবী নিজেই। আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্যের পর ছবির টিমকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীও। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সীমিত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বুং’। তারও আগে ২০২৪ সালে ছবিটি প্রদর্শিত হয়েছিল Toronto International Film Festival, MAMI Mumbai Film Festival, Warsaw Film Festival এবং Melbourne International Film Festival-সহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
‘বুং’-এর প্রেক্ষাপট অশান্ত মণিপুরের সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম। সেখানকার খুদে বুংকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হয়েছে। ছোট্ট বুং তার মা-কে সারপ্রাইজ দিতে চায়। সেই উপহার দিতে গিয়ে সে শুরু করে এক বড় যাত্রা—অশান্ত মণিপুরে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে বের করার অভিযান। তার লক্ষ্য একটাই, বাবাকে ফিরিয়ে এনে পরিবারের পুনর্মিলন ঘটানো। কিন্তু সীমান্ত পেরোনোর চেষ্টা করতে গিয়েই তার স্বপ্নে নেমে আসে কঠোর বাস্তবের আঘাত। এই মর্মস্পর্শী কাহিনিই বিশ্ব সিনেমার আঙিনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।




















