দেশ – খড়গপুর আইআইটির আরও এক প্রাক্তনী দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন সাফল্যের সাক্ষী হলেন। হায়দরাবাদ-ভিত্তিক বেসরকারি মহাকাশ সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর তৈরি রকেট ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণের পর সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পবনকুমার চন্দনাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই খবরে খড়গপুর আইআইটি-তেও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
পবনকুমার চন্দনা ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করেন। তিনি বিটেক ও এমটেক-সহ ডুয়েল ডিগ্রি সম্পন্ন করেন। আইআইটি থেকে পড়াশোনা শেষ করার পর তিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-তে বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ২০১৮ সালে সহ-প্রতিষ্ঠাতাদের সঙ্গে মিলে ‘স্কাইরুট অ্যারোস্পেস’ প্রতিষ্ঠা করেন পবনকুমার চন্দনা। সংস্থার তৈরি ‘বিক্রম-১’ রকেটের সফল উৎক্ষেপণ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সম্পন্ন হয়েছে, যা ভারতের বেসরকারি মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রকেট উৎক্ষেপণের এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে ফোন করে পবনকুমার চন্দনাকে অভিনন্দন জানান। তাঁর এই সাফল্য খড়গপুর আইআইটির প্রাক্তনীদের গৌরব আরও বাড়িয়েছে বলে মনে করছেন শিক্ষা ও মহাকাশ গবেষণা মহলের প্রতিনিধিরা।




















