
নিজস্ব সংবাদদাতা,বীরভূম, ২৩ শে জুন :বোলপুর থানার নানুর বিধানসভার মধ্যক্ষরা গ্রামে বিজেপির কর্মীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তৃনমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।বিজেপি কর্মী প্রশান্ত মণ্ডলের অভিযোগ আজ সকালে কাটমানি ফেরতের দাবীতে বাহিরী পাঁচশোয়া পঞ্চায়েতে যাওয়ার কথা ছিলো। সেই খবর জানতে পেরে শাসকদল তাঁকে আটকাতে এই আক্রমণ করেছে। যদিও সেই গুলি বা বোমার হাত থেকে কোনোক্রমে রক্ষা পান তিনি।
রাস্তায় যত্রতত্র পড়ে রয়েছে বোমা। অভিযোগ পুলিশকে বারবার জানানো হলেও পুলিশ আসতে অনেক দেরি করেছে। বিজেপি কর্মীরা এখনও আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
বিজেপি ওই নেতার তরফ থেকে জানানো হয়, এই আক্রমণের ফলে আজ আপাতত তাদের পঞ্চায়েত ঘেরাও অভিযান বন্ধ থাকবে। কারন তাদের কাছে খবর আছে, আজ তৃণমূলের দুষ্কৃতীরা বোমা, বন্দুক নিয়ে গ্রাম দাপিয়ে বেড়াবে।
প্রশান্ত মণ্ডল আরও জানান, আজ তারা পুলিশে লিখিত অভিযোগ করবেন। পুলিশ যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃনমূল নেতৃত্ব। তাদের দাবী বিজেপি মিথ্যা অভিযোগ করছে।




















