‘বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত’, মন্তব্য ঘিরে বিতর্ক! ২৪ ঘণ্টার মধ্যেই লিখিত বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করলেন রত্না দেবনাথ

‘বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত’, মন্তব্য ঘিরে বিতর্ক! ২৪ ঘণ্টার মধ্যেই লিখিত বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করলেন রত্না দেবনাথ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

পানিহাটিতে বিজেপির অন্দরের দ্বন্দ্বে নিহত দলীয় কর্মী অরূপ সাহার পরিবারের পাশে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। মৃতের সন্তানদের দেখে চোখের জলও ধরে রাখতে পারেননি তিনি। সেই সময়েই কিছুটা আক্ষেপের সুরে তাঁর মন্তব্য ছিল, “দেখেশুনে মনে হচ্ছে, বোধহয় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত!” আর তাঁর এই মন্তব্য ঘিরেই রাজ্য বিজেপির অন্দরে শুরু হয় অস্বস্তি। প্রশ্ন উঠতে থাকে, দলের উপর কি আস্থা হারিয়ে ফেলেছেন আরজি করের নির্যাতিতার মা তথা পানিহাটির বিধায়ক?

বিতর্ক ছড়ানোর ২৪ ঘণ্টার মধ্যেই এবার লিখিত বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রত্না দেবনাথ। সমাজমাধ্যমে সেই বিবৃতি পোস্ট করে তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করে ব্যাখ্যা করা হচ্ছে।

‘মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছে’

বিবৃতির শুরুতেই রত্না লেখেন, “সম্প্রতি আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে যে বিতর্ক এবং বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে আমি আমার অবস্থান স্পষ্ট করতে চাই।”

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিধায়কের দাবি, তাঁর কথার একটি অংশকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করা হয়েছে। এর ফলে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছোচ্ছে।

‘বিজেপি ক্ষমতায় না এলেই ভাল হত, এমন কোনও অভিপ্রায় ছিল না’

নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে রত্না দেবনাথ বলেন, “বিজেপি ক্ষমতায় না-এলেই ভাল হত— এমন কোনও অভিপ্রায় বা মনোভাব আমার বক্তব্যে ছিল না। আমার কথার প্রকৃত অর্থ বিকৃত করে যে ব্যাখ্যা করা হচ্ছে, সেটা অনভিপ্রেত।”

পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই। তাঁর কথায়, তিনি বিজেপির সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

সব মিলিয়ে, পানিহাটিতে দলীয় কর্মীর মৃত্যুকে ঘিরে আবেগঘন পরিস্থিতিতে রত্না দেবনাথের মন্তব্য থেকে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, লিখিত বিবৃতির মাধ্যমে তারই জবাব দিলেন বিধায়ক। তবে তাঁর বক্তব্য ঘিরে দলের অন্দরে তৈরি হওয়া অস্বস্তি কতটা কাটে, এখন সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top