
নিজস্ব সংবাদদাতা,মল্লারপুর,২৮ শে জুন: বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মল্লারপুর, রাতভর চলে বোমাবাজি*
বীরভূম:- কাটমানিকে কেন্দ্র করে একের পর এক এলাকায় ছড়াচ্ছে উত্তেজনা। এর আগেও আমরা এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি লক্ষ্য করেছি। আবার সেই একই ঘটনা। এবার কাটমানিকে নিয়ে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে লিপ্ত হলে উত্তপ্ত হয় মল্লারপুরের কৃষ্ণনগর গ্রাম।
গতরাতে এই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে রাতভর চলে ব্যাপক বোমাবাজি। দুই রাজনৈতিক দলের বোমাবাজিতে ভীতসন্ত্রস্ত এলাকাবাসীরা। রাতভর বোমাবাজির পর সকালে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
গত রাতে বিজেপি তৃণমূল সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিজেপির অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ আজাদ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য প্রায় কুড়ি জনের কাছে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এ বিষয়ে তারা বিডিও মহাশয়ের কাছে একটি লিখিত অভিযোগ জানালে শেখ আজাদের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এসে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় এবং বোমাবাজি শুরু করে।

যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপির অভিযোগ অস্বীকার করে জানান, “আমরা গ্রামের উন্নয়নের জন্য একটা মিটিং করছিলাম। সেই মিটিং চলাকালীন বিজেপির সরমান শেখ ও লিয়াকতের নেতৃত্বে হঠাৎ বোমাবাজির শুরু করে।”
অভিযোগ পাল্টা অভিযোগ আর রাতভর বোমাবাজিতে উত্তপ্ত মল্লারপুর থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম। গ্রামের পরিস্থিতি অনুকূল করতে মল্লারপুর থানার তরফ থেকে গ্রামে বসানো হয়েছে পুলিশ প্রিকেট।



















