মুর্শিদাবাদ – মুর্শিদাবাদে উত্তেজনা ছড়াল। জঙ্গিপুর ও খড়গ্রাম কেন্দ্রের প্রার্থী পছন্দ না হওয়ায় বৃহস্পতিবার রাতে রঘুনাথগঞ্জের খড়খড়ি সেতুর কাছে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন দলের কর্মী-সমর্থকরা। এতে লালগোলা–রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ, শেষ মুহূর্তে ‘সেটিং’ করে প্রার্থী বদল করা হয়েছে। দীর্ঘক্ষণ অবরোধের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরায় এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিজেপি তালিকা অনুযায়ী, জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে লড়বেন আইনজীবী চিত্ত মুখার্জি। খড়গ্রামে তৃণমূল প্রার্থী আশিষ মার্জিতের বিরুদ্ধে লড়বেন বিজেপির মহিলা প্রার্থী মালতি মাল।
রঘুনাথগঞ্জের বিজেপি নেতা পুষ্কর দাস অভিযোগ করেন, ‘নিম্নস্তরের কর্মীদের মতামত না নিয়ে একতরফাভাবে প্রার্থী ঠিক করা হয়েছে। জঙ্গিপুরে যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি আগে নির্দল হিসেবে বিজেপির বিরুদ্ধেই লড়েছিলেন। প্রার্থী তৃণমূল দলের সঙ্গে ‘সেটিং’ করে রাজনীতি করেন।’
জঙ্গিপুর সাংগঠনিক জেলার তফসিলি মোর্চার সভাপতি আদিত্য মৌলিক বলেন, ‘দলের প্রতিশ্রুতি অনুযায়ী খড়গ্রামে আমার স্ত্রীকে প্রার্থী করা হতো। কিন্তু মালতি মালকে টিকিট দেওয়া হয়েছে। যারা নির্বাচনে জিততে পারবে না, তাঁদের প্রার্থী করা হচ্ছে। এইভাবে প্রার্থী পরিবর্তন হলে কর্মীরা প্রচারে অংশ নেবেন না।’



















