বিজেপি-বিরোধী তৃণমূলের নির্বাচন কমিশন নিয়ে তীব্র অভিযোগ, বৈঠকের পর প্রকাশ্যে বিতর্ক

বিজেপি-বিরোধী তৃণমূলের নির্বাচন কমিশন নিয়ে তীব্র অভিযোগ, বৈঠকের পর প্রকাশ্যে বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-এর সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠকের পর নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে তীব্র অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সাংবাদিকদের সঙ্গে কথা বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বৈঠকে তোলা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার ও তাঁর সহকর্মীরা।
অভিষেক জানান, তৃণমূলের তরফে বৈঠকে মোট ৮–১০টি প্রশ্ন রাখা হয়েছিল। তার মধ্যে সাধারণ দু’-একটি প্রশ্ন বাদ দিলে বাকি বিষয়গুলিতে কমিশনের অবস্থান স্পষ্ট হয়নি। বিশেষ করে ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’-র আওতায় থাকা প্রায় ১ কোটি ৩৬ লক্ষ সন্দেহজনক ভোটারের পূর্ণ তালিকা প্রকাশের দাবি জানানো হলেও, কমিশন সেই তালিকা প্রকাশে অনিচ্ছুক—এবিষয়ে কোনও জবাব মেলেনি।
শুনানি প্রক্রিয়া নিয়েও তৃণমূল প্রশ্ন তুলেছে। দল দাবি করেছে, ভোটার শুনানির সময় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট (বিএলএ-২) উপস্থিত থাকতে পারবেন। অভিষেক বলেন, যদি কমিশনের অবস্থান থাকে যে বিএলএ-২-রা শুনানিতে থাকতে পারবেন না, তবে সেই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হওয়া উচিত। তবে মুখ্য নির্বাচন কমিশনার সেই প্রস্তাব খারিজ করেছেন।
এছাড়াও অভিষেক অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও কমিশন ইচ্ছাকৃতভাবে লিখিত বিজ্ঞপ্তি এড়িয়ে হোয়াটসঅ্যাপ বা মৌখিক নির্দেশে কাজ চালাতে চাইছে। লিখিত বিজ্ঞপ্তি থাকলে রাজনৈতিক দলগুলি আইনি পথে চ্যালেঞ্জ করতে পারবে—এই আশঙ্কাতেই কমিশন নথিভুক্ত সিদ্ধান্ত থেকে দূরে রয়েছে।
প্রবীণ ভোটারদের বিষয়টিও বৈঠকে তোলা হয়েছে। যারা ষাটোর্ধ্ব এবং গুরুতর শারীরিক অসুস্থতা বা কো-মর্বিডিটিতে ভুগছেন, তাঁদের শুনানি কেন্দ্রে ডেকে হয়রানি না করার আবেদন কমিশনের সামনে রাখা হয়েছে।
এছাড়া, রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ৫৮ লক্ষ নামের প্রসঙ্গও তৃণমূল তুলেছে। অভিষেকের দাবি, এই বাদ পড়া ভোটারদের মধ্যে কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা, তার নির্দিষ্ট তালিকা প্রকাশের দাবি করা হয়েছে কমিশনের কাছে।
সব মিলিয়ে, ভোটার তালিকা সংশোধন ও শুনানি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তৃণমূল সন্তুষ্ট নয়। কমিশনের সঙ্গে এই বৈঠকের পর রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা ও সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি নিয়ে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top