রাজ্য – রাজ্য থেকে চলতি সপ্তাহেই পাকাপাকিভাবে বিদায় নিতে চলেছে শীত। এমনটাই জানাচ্ছে Alipore Meteorological Department। সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়লেই চড়বে পারদ। দোলের আগে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত ভ্যাপসা গরম বা বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় পরিবর্তন হবে না। স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু সোমবার থেকে বিশেষ করে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে।
জেলার হিসেবে দেখা গেলে, রবিবার মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২১ ডিগ্রি থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় বেশি। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি। বাঁকুড়ায় সর্বোচ্চ ৩৩ এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে পারদ। জঙ্গলমহলের পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রির মধ্যে থাকতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা বদল দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে Darjeeling-এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে উত্তরবঙ্গে শীতের ছোঁয়া কিছুটা বজায় থাকলেও দক্ষিণে বসন্তের আমেজের সঙ্গেই গরমের আগমনী বার্তা স্পষ্ট।



















