বিনোদন | আন্তর্জাতিক সংবাদ
আজ বিজয়া দশমী। দেবী দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে কলকাতা জুড়ে বিষাদের সুর। অন্যদিকে, নবরাত্রির সমাপ্তিতে বিদেশের মাটিতেই মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে দশেরা উদযাপনে মাতলেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। স্ত্রীকে পুজোর নানা আচার-অনুষ্ঠানে সাহায্য করলেন তাঁর স্বামী নিক জোনাস। পরিবারের এই বিশেষ মুহূর্তের একাধিক ছবি ও ঝলক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
দশেরা উদযাপনের পাশাপাশি বাড়িতেই কন্যাপুজোর আয়োজন করেন তারকা দম্পতি। নবরাত্রির অন্যতম প্রচলিত রীতি এই কন্যাপুজো, যেখানে কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পুজো করা হয়। প্রিয়াঙ্কা ও নিক তাঁদের ছোট্ট মেয়েকে নিয়েই এই বিশেষ আচার পালন করেন।
প্রিয়াঙ্কার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী সাজে সেজেছে ছোট্ট মালতি। তার পরনে হাতির দাঁতের রঙের ঘাগরা, যাতে লেখা রয়েছে ‘জয় মাতা দি’। পুজোর সময় মেয়ের পা ধুয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা ও নিক। পুজোর নানা আচার-অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গিয়েছে নিককে। মেয়ের পাশে বসে স্ত্রীকে পুজোর কাজে সহযোগিতা করেছেন তিনি।
বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা বিদেশেই সংসার করছেন। তবে বিদেশে থাকলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাঁর যোগ অটুট। বিভিন্ন উৎসব ও পারিবারিক অনুষ্ঠানে ভারতীয় রীতিনীতি মেনে চলেন অভিনেত্রী। মেয়েকেও সেই সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলছেন তিনি। এবারের দশেরা উদযাপনেও তারই প্রতিফলন দেখা গেল।
ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, “মা দুর্গার শক্তি, আমাদের প্রার্থনার পবিত্রতা এবং দশেরার চেতনা আজ, কাল ও সর্বদা আমাদের সকলের সঙ্গে থাকুক।”
বিদেশের মাটিতে থেকেও ভারতীয় ঐতিহ্যকে আপন করে নেওয়ার এই ছবি অনুরাগীদের নজর কেড়েছে। প্রিয়াঙ্কার কাছে উৎসব মানে শুধু উদযাপন নয়, বরং নিজের সংস্কৃতি ও পরম্পরাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াও।




















