বিধানসভা নির্বাচনের আগে পাইকপাড়ায় বিস্ফোরণ আতঙ্ক, তদন্তে পুলিশ

বিধানসভা নির্বাচনের আগে পাইকপাড়ায় বিস্ফোরণ আতঙ্ক, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – বিধানসভা নির্বাচনের আগে রাজ্য তথা কলকাতায় একের পর এক বোমাতঙ্কের ঘটনার মাঝেই ফের শনিবার সকালে পাইকপাড়ায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় একটি ক্লাবে পরপর বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের জেরে ক্লাবঘরের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি ছয়তলা বাড়ির ছাদে পড়ে। ঘটনাস্থলে আগুনও ধরে যায়, পরে দমকল বাহিনী দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে আচমকাই বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ক্লাবঘরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভিতরে আগুন জ্বলছে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ক্লাবঘরের ভিতরে আগে থেকেই বোমা মজুত থাকতে পারে। একাধিক বিস্ফোরণের অভিঘাতে ক্লাবঘরের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং ঘরের ভিতরে বিস্ফোরক সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও পুলিশ এখনও এ বিষয়ে কোনও নিশ্চিত তথ্য দেয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানা।
বিস্ফোরণের খবর পাওয়ার প্রায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দলও আসে। অভিযোগ, ক্লাবঘরের ভিতরে এখনও কিছু তাজা বোমা থাকতে পারে। সেই আশঙ্কায় পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তার স্বার্থে ক্লাবঘরের আশেপাশে সাধারণ মানুষের প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, ভোর প্রায় ছয়টা পনেরো নাগাদ হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে তাঁরা দেখেন পাশের একটি বাড়ির দিকে আগুনের শিখা উঠছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি আরও জানান, বহুদিন ধরেই ক্লাবঘরটি পরিত্যক্ত অবস্থায় ছিল। কে বা কারা এই ঘটনা ঘটাল তা দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ। ক্লাবের এক পদাধিকারীর দাবি, দীর্ঘদিন ধরে এই ক্লাবঘর দখলের চেষ্টা চলছিল এবং ব্যক্তিগত স্বার্থ জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা জানিয়েছেন, শিশুদের বাইরে বের করতেও ভয় লাগছে। এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ পিকেট বসানো এবং সিসি ক্যামেরা বসানোর দাবিও উঠেছে। সম্প্রতি রাজ্যের একাধিক আদালত, কলকাতার পাসপোর্ট অফিস এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে বোমা হামলার হুমকি দিয়ে উড়ো ইমেল আসার ঘটনাও সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে এই বিস্ফোরণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top