রাজ্য – আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন আইএএস অফিসারের বদলি ও নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল এই বদলিগুলিতে সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে। প্রশাসনিক সূত্রের মতে, নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামো আরও মজবুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বর্তমান কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনার সুমিত গুপ্ত (আইএএস, ২০০৯ ব্যাচ)-কে ডিএলআরএস, পশ্চিমবঙ্গ পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। অন্যদিকে ডব্লিউবিএসআইডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর নিকিল নির্মল (আইএএস, ২০১১ ব্যাচ)-কে নদিয়ার জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা (আইএএস, ২০১১ ব্যাচ)-কে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) চিফ এক্সিকিউটিভ অফিসার পদে আনা হয়েছে। এই পদটি রাজ্য সরকারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার।
অংশুল গুপ্ত (আইএএস, ২০১৩ ব্যাচ)-কে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিক করা হয়েছে এবং পাশাপাশি তাঁকে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সিয়াদ এন (আইএএস, ২০১৪ ব্যাচ)-কে উত্তর ২৪ পরগনার জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি শেভালে অভিজিৎ তুকারাম (আইএএস, ২০১৫ ব্যাচ)-কে আলিপুরদুয়ারের জেলা শাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত (আইএএস, ২০১৬ ব্যাচ)-কে বাঁকুড়ার জেলা শাসক করা হয়েছে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহল মনে করছে।




















