
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৪ এপ্রিল, বিধান নগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী উদ্যোগে বিধান নগর অন্তর্গত ৪১ ওয়ার্ডের জীবানুমুক্ত করণের জন্য ৪১ টা মেশিন দেওয়া হবে সঙ্গে যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য সেটাও দেওয়া হবে। এর পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এবং কঞ্জারভেন্সী স্টাফ নিরলস প্রচেষ্টা করছে এই কঠিন সময়ে মোকাবিলা করার জন্য তাদের বেতন দ্বিগুণ করে দেওয়া হবে বলে জানানো হল।
গতকাল মেয়র-কাউন্সিলর মিটিং-এ এই সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি বিধান নগর পৌরনিগম এলাকায় যে সমস্ত দিন মজুর শ্রমিক পিছিয়ে পড়া মানুষ রয়েছে তাদের সাহায্যার্থে চাল, ডাল, নুন, তেল, আলু প্রদান করা হচ্ছে। কৃষ্ণা চক্রবর্তীর মতে এখনো পর্যন্ত বিধান নগরে মোট চারজন করোনা পজিটিভ পাওয়া গেছে এবং হোম আইসোলেশনে আরও ৩০ থেকে ৪০ জন রয়েছে। তিনি এদিন আবেদন করেন, বিধান নগর বাসীরা যেন খুব দরকার না পড়লে ঘর থেকে না বেরোয়। এর পাশাপাশি তার আবেদন বিজ্ঞানের নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছেও, যে তারা যদি ভেন্টিলেশন মেশিন তৈরি করতে পারে তাহলে বিধান নগর পৌরনিগম এগিয়ে আসবে সেই ভেন্টিলেশন মেশিন গুলো কেনার জন্য।



















