বিদেশ – বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফের বিতর্ক। ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া, গড়াপেটা ও আর্থিক বেনিয়মের অভিযোগে এমনিতেই বারবার শিরোনামে উঠে আসে বিপিএল। তবে এবারে যা ঘটল, তা কার্যত কল্পনাকেও হার মানায়। লিগ শুরুর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালস দলের মালিকানা ছেড়ে দিল ট্রায়াঙ্গুল সার্ভিস নামের সংস্থা।
এবারের বিপিএলে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিস। সংস্থার কর্ণধার আবদুল কাইয়ুম নিলামের আগে বড় স্বপ্ন দেখিয়েছিলেন সমর্থকদের। নিলামেও ছিল চমক। বাংলাদেশের নাইম শেখকে বিপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ১ কোটি ১০ লক্ষ টাকায় কেনে চট্টগ্রাম রয়্যালস। পাশাপাশি বেশ কয়েকজন নামী বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করা হয়।
কিন্তু লিগ শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজির আর্থিক দুরবস্থা প্রকাশ্যে আসে। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করলেও তাঁদের প্রাপ্য পারিশ্রমিক দিতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, প্রত্যাশামতো স্পনসর জোগাড় করতে পারেনি সংস্থাটি। ফলে অনেক ক্রিকেটারের সঙ্গে প্রতিশ্রুতি থাকলেও চুক্তি চূড়ান্ত করা যায়নি।
পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, লিগ শুরুর একদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠি দিয়ে মালিকানা থেকে অব্যাহতি চান আবদুল কাইয়ুম। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়, আর্থিক দৈন্যের কারণে তাঁর পক্ষে আর দল চালানো সম্ভব নয়। কার্যত লিগ শুরুর আগেই ‘পলাতক’ হয়ে যান ফ্র্যাঞ্চাইজি মালিক।
এই ঘটনায় বিপিএল আদৌ শুরু করা যাবে কি না, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, নতুন মালিক পাওয়া না যাওয়া পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস দলটির দায়িত্ব তারা নিজেরাই নেবে। ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক মেটানো থেকে শুরু করে অসম্পূর্ণ চুক্তিগুলিও বোর্ড সম্পন্ন করবে বলে জানানো হয়েছে।
এছাড়াও চট্টগ্রাম রয়্যালসের জন্য নতুন ম্যানেজমেন্ট গঠন করেছে বিসিবি। দলের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুল বাশারকে। প্রধান কোচ হিসেবে থাকছেন মিজানুর রহমান এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিস ইকবাল। অর্থাৎ বোর্ডের আয়োজিত লিগে এবার বোর্ডেরই পরিচালনায় খেলবে একটি দল—যা আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ায় প্রায় নজিরবিহীন।
বিপিএলের এই অদ্ভুত পরিস্থিতি আবারও প্রশ্ন তুলে দিল লিগের আর্থিক কাঠামো ও পরিচালন ব্যবস্থার উপর। ইউনুসের ‘নতুন’ বাংলাদেশের ক্রিকেটে যে সবকিছুই সম্ভব, এই ঘটনাই যেন তার বড় প্রমাণ।



















