ভাইরাল -বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে এক অনন্য নজির গড়ল উত্তরপ্রদেশের Meerut। কন্যার অসুখী দাম্পত্য জীবনের ইতি টানার পর শোক নয়, বরং উদ্যাপনের পথ বেছে নিলেন অবসরপ্রাপ্ত বিচারক Gyanendra Sharma। ঢোল-নগাড়া বাজিয়ে, মিষ্টি বিলিয়ে মেয়েকে ঘরে ফিরিয়ে আনার এই দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সমাজমাধ্যমে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রণিতা শর্মা নামে ওই তরুণীর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর Meerut Family Court-এর বাইরে তাঁর পরিবার-পরিজনরা ব্যান্ড বাজিয়ে, নাচ-গান করে আনন্দে মেতে ওঠেন। এরপর গলায় মালা পরিয়ে তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতে পৌঁছনোর পর বাবা ফুল দিয়ে মেয়েকে স্বাগত জানান।
এই বিশেষ মুহূর্তে পরিবারের সদস্যরা একরকম কালো টি-শার্ট পরেছিলেন, যাতে লেখা ছিল—“I Love My Daughter” এবং তাতে ছিল প্রণিতার ছবিও। পুরো ঘটনাই যেন সমাজে এক নতুন বার্তা দিয়েছে—অসুখী সম্পর্ক থেকে বেরিয়ে আসাও এক ধরনের মুক্তি এবং নতুন জীবনের শুরু।
জানা গিয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরে প্রণিতার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। সন্তানের জন্মের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন এবং আদালতের দ্বারস্থ হন। অবশেষে শনিবার সেই বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
এই ঘটনাকে ঘিরে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই উদ্যোগকে নারীর স্বাধীনতা ও আত্মসম্মানের পক্ষে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।




















