
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর ,২২ শে অক্টোবর : বেআইনিভাবে মোবাইলের সিম কার্ড চালু করার অভিযোগে মেদিনীপুর শহরের একটি মোবাইল দোকান থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য বর্তমানে অনলাইনে এই সিম একটিভ করার প্রক্রিয়া চালু হওয়া সত্বেও একজনের একটি সিম তোলার নাম করে একাধিকবার তার ছবি তুলে দুটি বা একাধিক সিম একটিভ করা হতো বলে অভিযোগ। এই ধরনের অভিযোগ পেয়ে কোতয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে মেদিনীপুরের বৈষ্ণদেবী মোবাইল সেন্টার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম বান্টি চৌধুরী বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু বেআইনিভাবে অ্যাক্টিভেট করে রাখা সিম, মোবাইল ফোন সহ বেশ কিছু ব্যাক্তির ডকুমেন্টস। ধৃতকে মঙ্গলবার মেদিনীপুর জেলা ও দায়রা আদালতে তোলা হবে। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে এদিন সাংবাদিক বৈঠক করে জানান পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি বলেন, এই ভাবে বেআইনিভাবে সিম অ্যাক্টিভেট করে নানান ধরনের দুষ্কৃতী মূলক কাজকর্ম করার কাজে ব্যবহৃত হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে আরও কেউ জড়িত কিনা তার খোঁজ করা হবে। একই সাথে পুলিশ সুপার সংবাদমাধ্যমের কাছে সাধারণ মানুষের কাছে আবেদন জানান যদি কোন কাউন্টার বা কোন ব্যক্তি এইভাবে বিনা ডকুমেন্টে সিম দেওয়ার কাজে যুক্ত থাকে, তাহলে সেই তথ্য পুলিশকে জানাতে। জেলা পুলিশ কোনভাবেই এই ধরনের ঘটনা আগামীদিনে ঘটতে দিতে চান না বলে জানান পুলিশ সুপার দিনেশ কুমার। এদিনের সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার ছাড়াও হাজির ছিলেন কোতয়ালী থানার আই সি পার্থ প্রতিম পাল, কোতয়ালী থানার টাউন বাবু চঞ্চল সিংহ প্রমুখ।


















