মুর্শিদাবাদ – বেলডাঙায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে। কলকাতা হাইকোর্ট এই কর্মসূচির উপর থাকা সব বাধা সরিয়ে দিলেও, পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনা করে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজভবন। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে গড়ে তুললেন ২৪ ঘণ্টার বিশেষ নজরদারি সেল—‘অ্যাক্সেস পয়েন্ট’।
রাজ্যের যে কোনও প্রান্তের মানুষ হুমকি, অশান্তি তৈরির চেষ্টা, উস্কানি বা উত্তেজনামূলক ঘটনার বিষয়ে ফোন বা ইমেলের মাধ্যমে সরাসরি অভিযোগ জানাতে পারবেন এই সেলে। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল ব্যক্তিগতভাবে এই সেলের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন। সেলের যোগাযোগ নম্বর ০৩৩-২২০০১৬৪১ এবং অভিযোগ পাঠানো যাবে নির্দিষ্ট তিনটি ইমেল ঠিকানায়।
এদিন রাজ্যপাল বার্তায় স্পষ্ট জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীকে সংযত ও সতর্ক থাকতে হবে, কোনও উস্কানি বা গুজবে বিশ্বাস না করে শান্তি বজায় রাখতে হবে। পাশাপাশি প্রশাসনকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হাইকোর্টের রায়ে হুমায়ুন কবীরের মসজিদ নির্মাণ কর্মসূচির উপর আর কোনও আইনি বাধা রইল না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আদালত আইনগত প্রশ্নেই হস্তক্ষেপ করতে পারে, প্রশাসনিক নিরাপত্তার বিষয় রাজ্যের দায়িত্ব। আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তুলে ধরলেও, বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে—আইনগত ভিত্তি না থাকলে আদালত হস্তক্ষেপ করবে না।
রাজনৈতিক মহলেও এই বিষয়কে কেন্দ্র করে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে রাজভবনের ‘অ্যাক্সেস পয়েন্ট’ চালুর ফলে সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি আরও বাড়বে বলে প্রশাসনের একাংশ মনে করছে। সব মিলিয়ে, হাইকোর্টের রায় এবং রাজ্যপালের সতর্কতা—দু’য়ের সমন্বয়ে রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নতুন করে সক্রিয় হয়েছে রাজভবন ও প্রশাসন।




















