
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২৯ শে আগস্ট :একটি বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থার শ্যামনগর শাখায় তালা। ফলে চরম ভোগান্তির শিকার গ্রাহকরা।
গত এক মাসেরও বেশী সময় ধরে তালা বন্ধ শ্যামনগরের এই গোল্ডলোন শাখাটি । এখানে প্রায় দুই হাজার গ্রাহক রয়েছে। । অনেকের লোন পরিশোধ হয়ে গেলেও তাদের সোনার গহনা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ। কেউ স্বামীর চিকিৎসার জন্য, আবার কেউ ছেলেমেয়েদের পড়াশোনার জন্য, কেউ আবার টাকার অভাবে সোনার গহনা রেখে লোন নিয়েছিলেন এই গোল্ডলোন সংস্থার শ্যামনগর ফিডার রোডের শাখা থেকে। তবে লোন পরিশোধ হবার পর যে,তারা সোনার অলংকার ফেরত পাবেন না, বা এমন কঠিন পরিস্থিতি র সৃষ্টি হবে তা বুঝতেই পারেন নি গ্রাহকেরা। এই সংস্থাটি শ্যামনগর ফিডার রোডে ৯ বছর আগে একটি বাড়ি ভাড়া করে চালু হয়েছিল। এই নয় বছর ঠিকঠাক চলার পর আচমকা এই পরিস্থিতির সম্মুখীন হয়ে এই মূহুর্তে সকলেরই মাথায় হাত।

আমরা এই সংস্থার ম্যানেজারের এবং বাড়ির মালিকের সাথে যোগাযোগ করতে গেলে কারোই দেখা বা যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু বাড়ির মালিককে ফোনে ধরা হলে এই বাড়ির মালিক ফোনে আমাদের জানিয়েছেন তালা মন্নিপুরম সংস্থার কর্মীরাই লাগিয়েছেন। এই গোল্ডলোন সংস্থার সাথে বাড়ি ভাড়া নিয়ে নয় বছরের চুক্তি হয়েছিলো।কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও তারা পুনরায় চুক্তি করেন নি। ফলে এই সংস্থার গ্রাহকেরা কিভাবে তাদের সোনা ফেরত পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সকলেই।


















