বেহালা পশ্চিমের সভায় মানবিক মুখ মমতার, অসুস্থ মহিলাকে নিয়ে উদ্বেগে থমকে গেল প্রচার

বেহালা পশ্চিমের সভায় মানবিক মুখ মমতার, অসুস্থ মহিলাকে নিয়ে উদ্বেগে থমকে গেল প্রচার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের উত্তাপ চরমে। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সভা শেষ করে এবার কলকাতায় প্রচারে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্রের প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় তিনি উপস্থিত ছিলেন।
সভায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই বক্তব্য চলাকালীনই হঠাৎ করে ঘটে যায় এক মানবিক ঘটনা। সভার ভিড়ের মধ্যে এক মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি চোখে পড়তেই সঙ্গে সঙ্গে নিজের বক্তব্য থামিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি দূর থেকে ওই মহিলার অবস্থা সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন। জানতে চান, তিনি জল খেয়েছেন কি না এবং তাঁর শারীরিক অবস্থা কেমন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত নির্দেশ দেন, ওই মহিলাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এমনকি নিজের গাড়ি ব্যবহারের নির্দেশও দেন তিনি। সভা মঞ্চ থেকেই তিনি বলেন, “আমার গাড়িতে করে ওঁকে হাসপাতালে নিয়ে যান। উনি না যাওয়া পর্যন্ত আমি বক্তৃতা শুরু করব না।”
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মঞ্চ থেকে নেমে অসুস্থ মহিলার কাছে পৌঁছে যান। তিনি মহিলার পালস পরীক্ষা করেন এবং প্রাথমিকভাবে ধারণা করেন যে, তীব্র গরম ও রক্তচাপ কমে যাওয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ভোটের প্রচারের ব্যস্ত মঞ্চেও এই মানবিক আচরণ উপস্থিত মানুষের নজর কাড়ে। রাজনৈতিক উত্তাপের মাঝেও মুখ্যমন্ত্রীর এই তাৎক্ষণিক সহমর্মিতা ও দায়িত্ববোধকে অনেকেই প্রশংসার চোখে দেখছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top