ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচের জন্য আশিয়ান কাপ থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানিয়েছেন, একই সময়ে দু’টি প্রতিযোগিতায় দল নামানো সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশনের কাছে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচটিই এখন বেশি গুরুত্বপূর্ণ।

আগামী ৩ অক্টোবর কলকাতায় ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় আশিয়ান কাপে অংশ নেওয়ার কথা ছিল ব্লু টাইগার্সদের। একই সময়ে দু’টি প্রতিযোগিতার সূচি পড়ায় শুরু থেকেই তৈরি হয়েছিল জটিলতা। ভিনিসিয়াস জুনিয়রদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য দল নিয়ে তৈরি হওয়া সেই প্রশ্নের উত্তর মিলল সত্যনারায়ণের বক্তব্যে।

এর আগে ৭ আগস্ট ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, দু’টি প্রতিযোগিতার জন্য আলাদা দু’টি দল পাঠানো হবে। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে এল ফেডারেশন। কেন আগের সিদ্ধান্ত বদল করা হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

ফিফা আন্তর্জাতিক উইন্ডোয় ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা আশিয়ান কাপের। আমন্ত্রিত দল হিসেবে ভারতকে ডিভিশন ওয়ানের গ্রুপ ‘এ’-তে রাখা হয়েছিল। সেখানে ভারতের প্রতিপক্ষ ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। তবে সেই টুর্নামেন্টের বদলে ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচকেই অগ্রাধিকার দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

সংবাদ সংস্থা পিটিআই-কে এম সত্যনারায়ণ জানিয়েছেন, ব্রাজিল ম্যাচ এবং আশিয়ান কাপ—দু’টি প্রতিযোগিতা একই সময়ে খেলা ভারতের পক্ষে সম্ভব নয়। তাই আশিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের দিকেই এখন ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top