ভরা বসন্তে কলকাতায় কালবৈশাখীর দাপট, ঝড়-বৃষ্টিতে ভোগান্তি নিত্যযাত্রীদের

ভরা বসন্তে কলকাতায় কালবৈশাখীর দাপট, ঝড়-বৃষ্টিতে ভোগান্তি নিত্যযাত্রীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভরা বসন্তের মাঝেই যেন আগাম বর্ষার আমেজ অনুভব করছে শহর কলকাতা। বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, আর তার সঙ্গে শুরু হয় দফায় দফায় ঝড়-বৃষ্টি। কালবৈশাখীর প্রভাবে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, যার জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের। যদিও কলকাতা ট্রাফিক পুলিশের সূত্রে জানানো হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টির কারণে যান চলাচলে বড় কোনও সমস্যা তৈরি হয়নি এবং কোনও দুর্ঘটনার খবরও মেলেনি।
এই আবহাওয়ার মধ্যেই শহরে একাধিক র‍্যালির কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার রথতলা থেকে সিঁথির মোড় পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হবে। পাশাপাশি, বিকেল সাড়ে তিনটে নাগাদ সদনন্দন রোড থেকে আরেকটি র‍্যালি বেরোনোর কথা রয়েছে। এছাড়া, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আরজি কর থেকে শ্যামবাজার মেট্রো স্টেশন পর্যন্ত আরও একটি মিছিল হবে। দিনভর বৃষ্টি সত্ত্বেও এখনও পর্যন্ত রাস্তায় কোনও বিশেষ বিধিনিষেধ জারি করা হয়নি, তবে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রঝড়ের সময় খোলা জায়গায় না থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় না নেওয়া, জলাশয় থেকে দূরে থাকা এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩.৯ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে ১৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২১ ডিগ্রির আশপাশে। বিকেল বা সন্ধ্যার দিকে আকাশ আরও মেঘলা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top