খেলা – আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে নামার কথা ভারতের, তবে সেই ম্যাচে খেলতে নাও পারেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সূত্রের খবর, ম্যাচের আগের দিন বুমরাহ মাঠে উপস্থিত থাকলেও অনুশীলনে অংশ নেননি। এতে জল্পনা আরও বেড়েছে যে তিনি এখনও পুরোপুরি ফিট নন। টিম ম্যানেজমেন্ট তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখে দ্রুত মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না। ভবিষ্যতের কঠিন ম্যাচগুলির কথা মাথায় রেখে তাঁকে বিশ্রাম দেওয়ার দিকেই ঝুঁকছে দল।
বুমরাহের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা, কারণ তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর না খেললে প্রথম ম্যাচে ভারতীয় দলে মাত্র ১৩ জন সম্পূর্ণ ফিট খেলোয়াড় থাকবেন। এর মধ্যেই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর চোটের কারণে ছিটকে গিয়েছেন এবং হর্ষিত রানাও খেলতে পারবেন না।
বুমরাহ বোলিং না করলে তাঁর জায়গায় মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় বোলিং লাইনআপ সাজানো নিয়ে টিম ম্যানেজমেন্টকে যথেষ্ট ভাবনাচিন্তা করতে হচ্ছে। যদিও আশা করা হচ্ছে, প্রথম ম্যাচে না খেললেও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পরবর্তী ম্যাচগুলিতে দলে ফিরবেন বুমরাহ।
এদিকে বিশ্বকাপ ঘিরে ফুরফুরে মেজাজে রয়েছে অংশগ্রহণকারী সব দলের সদস্যরা। মাঠে পৌঁছে শুরু হয়ে গেছে জোরদার অনুশীলন। খেলার ফাঁকেই খেলোয়াড়দের নানা মুহূর্ত ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে, আর বিশ্বকাপের উত্তেজনা ধীরে ধীরে চরমে উঠছে।




















