ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের, নতুন করে আলোচনায় গৌতম গম্ভীরের পুরনো বক্তব্য

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের, নতুন করে আলোচনায় গৌতম গম্ভীরের পুরনো বক্তব্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ হিসেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই ঘোষণা ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে নাটক ও বিতর্ক অব্যাহত। তবে এই ‘বয়কট’ পরিস্থিতির মাঝেই নতুন করে সামনে চলে এসেছে ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীরের বহু আগের এক মন্তব্য, যা নিয়ে এখন নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
প্রায় সাত বছর আগে গৌতম গম্ভীর প্রকাশ্যে বলেছিলেন, ভারতেরই উচিত পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ সম্পূর্ণভাবে বয়কট করা। বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই বক্তব্যের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। ফলে সোশ্যাল মিডিয়ায় ‘গুরু’ গম্ভীরের দূরদর্শিতা ও স্পষ্ট অবস্থানের প্রশংসা করছেন নেটিজেনদের একাংশ।
২০১৯ সালে পুলওয়ামায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। সেই ঘটনার পর গোটা দেশে পাকিস্তানের বিরুদ্ধে প্রবল ক্ষোভ তৈরি হয়। ওই সময় গৌতম গম্ভীর বিজেপির সাংসদ হন এবং পুলওয়ামা হামলার কড়া নিন্দা করে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ডাক দেন।
তখন গম্ভীর বলেছিলেন, শর্তসাপেক্ষ নিষেধাজ্ঞা বলে কিছু হয় না। হয় পুরোপুরি নিষেধাজ্ঞা চাপাতে হবে, নয়তো সব ক্ষেত্রে ছাড় দিতে হবে। পুলওয়ামায় যা ঘটেছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছিলেন তিনি। আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কট করা কঠিন হলেও, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা বন্ধ করা উচিত বলেও মত দেন গম্ভীর।
তিনি আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত নিলে সমালোচনা হবেই, এমনকি দল সেমিফাইনালে পৌঁছতে না-ও পারে। কিন্তু তাতে আপস করা উচিত নয়। তাঁর কথায়, দুই পয়েন্ট বা একটি ম্যাচের ফল দেশের সম্মান ও নিরাপত্তার তুলনায় কিছুই নয়। প্রয়োজনে বিশ্বকাপের ফাইনাল ছেড়ে দিতেও দেশবাসীর মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি।
ঘটনাচক্রে এবার সেই ‘বয়কট’-এর পথই বেছে নিল পাকিস্তান, আর গৌতম গম্ভীর এখন ভারতের জাতীয় দলের কোচ। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। অতীতে এশিয়া কাপে ম্যাচ চলাকালীন হাত মেলানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার বল গড়ানোর আগেই নতুন করে বিতর্ক ছড়াল আন্তর্জাতিক ক্রিকেটে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top