ভারত-পাক দ্বৈরথেও জল ঢালতে পারে ‘বেরসিক’ বৃষ্টি

ভারত-পাক দ্বৈরথেও জল ঢালতে পারে ‘বেরসিক’ বৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বৃষ্টির জলে ভেসে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বৃহস্পতিবারের ম্যাচ। মাঠেই নামার ফুরসত পাননি বিরাট কোহলিরা। ফলে কিউয়িদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে টিম ইন্ডিয়াকে। রবিবার কোহলিদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে একবারও জিততে পারেনি পাকিস্তান। সেই রেকর্ড অক্ষুন্ন রাখার লক্ষ্য সামনে রেখে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছে ভারতীয় দল। অন্যদিকে পাক শিবিরও মরিয়া থাকবে রেকর্ড বদলাতে। স্বভাবতই এই ম্যাচ ঘিরে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে। তবে ক্রিকেটপ্রেমীদের গনগনে উন্মাদনায় জল ঢেলে দিতে পারে ‘বেরসিক’ বৃষ্টি। ইংল্যান্ডের সংবাদমাধ্যম অন্তত তেমন উদ্বেগেরই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, রবিবার সারা দিনই আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামার আশঙ্কাও বাড়বে। বিবিসি’র আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাঞ্চেস্টারে স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুরের দিকে তা থামলেও বিকেল ৩টা থেকে আবার বৃষ্টি শুরু হতে পারে। ফলে ভারত-পাকিস্তান ম্যাচ খেপে খেপে বিঘ্নিত হওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার ফুরসত পেলে কম ওভারের ম্যাচেও লড়াইয়ের মীমাংসা হতে পারে। উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এবার প্রভাব রাখছে বৃষ্টি। প্রথম দুই সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে। এবার ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচও বৃষ্টিতে ধুয়ে গেলে বিশ্বকাপের পক্ষে তা মোটেও ভালো বিজ্ঞাপন হবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top