রাজ্য – বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন পরিযায়ী শ্রমিকরা—এই অভিযোগকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। হেনস্থা থেকে গণপিটুনি, এমনকি মৃত্যুর ঘটনাকেও এবার রাজনৈতিক প্রচারের কেন্দ্রে আনতে চাইছে ঘাসফুল শিবির। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার শ্রমিকদের উপর ধারাবাহিক অত্যাচারের অভিযোগ তুলে বিজেপি ও কংগ্রেস—দুই দলকেই নিশানা করে প্রচারে নামার প্রস্তুতি শুরু করেছে শাসকদল।
দলের বক্তব্য, বিগত কয়েকদিনে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনার জবাব ভোটের লাইনেই দেওয়া হবে। বাইরে কাজ করতে যাওয়ার কারণে বহু পরিযায়ী শ্রমিক ভোটের সময় রাজ্যে ফিরতে পারেন না। এবার তাঁদের সক্রিয়ভাবে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
রাজ্যজুড়ে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়ার জেরে অনেক পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরেছিলেন, যদিও অনেকেই ফের কাজে ফিরে গিয়েছেন। ভোটের সময়ে তাঁরা রাজ্যে ফিরতে পারবেন কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। গত লোকসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের ভোটের উপর নির্ভরশীল কিছু আসন হাতছাড়া হয়েছিল বলে দলীয় মহলে আলোচনা রয়েছে। তাই এবার বিধানসভা নির্বাচনে যাতে সেই পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছে তৃণমূল। রাজ্যজুড়ে ভোটের ব্যাপ্তি বেশি হওয়ায় ভিনরাজ্যে ‘বাংলা বলার’ কারণে হেনস্থা ও মৃত্যুর ঘটনাগুলিকে প্রচারে তুলে ধরতে চাইছে শাসকদল।
রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই বাংলার বিভিন্ন জেলার অন্তত ১২ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। অভিযোগ, এর মধ্যে প্রায় ৯০ শতাংশ ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যে। মৃতদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এছাড়া ওড়িশা, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান, হরিয়ানা, তামিলনাড়ু ও ঝাড়খণ্ডে বিভিন্ন সময়ে অত্যাচারের জেরে মৃত্যুর অভিযোগ উঠেছে।
গত ডিসেম্বরে ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদের সূতি এলাকার বাসিন্দা জুয়েল রানাকে ‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি দেওয়ার অভিযোগ সামনে আসে। পরে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। এই ঘটনার পর থেকেই ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন রাজ্য থেকে রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের কাছে হেনস্থার একাধিক অভিযোগ জমা পড়েছে।
দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, অসম, রাজস্থান, কর্ণাটক ও ঝাড়খণ্ড থেকে অত্যাচারের অভিযোগ এসেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে প্রায় ৩৮ শতাংশ ঘটনাই ঘটেছে ওড়িশায়। এই পরিসংখ্যানকে সামনে রেখে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হতে চলেছে, তা বলাই যায়।



















