রাজ্য – ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ক্রিকেটার Richa Ghosh-এর নাম ভোটার তালিকায় ‘Under Adjudication’ হিসেবে চিহ্নিত হওয়া নিয়ে গত কয়েকদিন ধরে জোর চর্চা চলছিল। অবশেষে রোববার এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
সিইও দফতরের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি এবং প্রশাসনিক স্তরে মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে Election Commission of India। প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে। তবে তার মধ্যে ৬০ লক্ষেরও বেশি নাম ‘Adjudicated’ বা বিচারাধীন হিসেবে আলাদা শ্রেণিতে রাখা হয়েছে।
রবিবার জানা যায়, সেই তালিকাতেই রয়েছে জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা রিচা ঘোষের নাম। দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে দেওয়া এই ক্রিকেটারের নামের উপর স্পষ্টভাবে ‘Under Adjudication’ স্ট্যাম্প থাকায় বিষয়টি ঘিরে প্রশ্ন ওঠে।
সিইও দফতরের ব্যাখ্যা অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে খসড়া তালিকায় রিচা ঘোষের তথ্য ‘unmapped’ বা অসংলগ্ন অবস্থায় ছিল। এই ত্রুটি সংশোধনের জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে নির্ধারিত শুনানিতে অংশ নেওয়া হয় এবং প্রয়োজনীয় নথিপত্রও জমা দেওয়া হয়। তবে অভিযোগ, সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, তালিকাভুক্তির আবেদন জটিলতায় পড়লে তা স্বয়ংক্রিয়ভাবে বিচারবিভাগীয় পর্যালোচনার অধীনে চলে যায়। রিচার ক্ষেত্রেও ঠিক সেই প্রক্রিয়াই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, কেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিষয়টির নিষ্পত্তি হয়নি, তা জানতে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে কৈফিয়ত তলব করেছে কমিশন। সিইও দফতরের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, রিচা ঘোষের নাম ভোটার তালিকায় না থাকা নিয়ে এর আগে সরব হয়েছিলেন Abhishek Banerjee। কমিশনের স্পষ্টীকরণের পর এখন নজর, দ্রুত তাঁর নাম চূড়ান্ত তালিকায় স্বাভাবিক অবস্থায় ফিরবে কি না।



















