রাজ্য – সোমবার দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই সাধারণ ভোটারদের জন্য অনলাইনে নাম যাচাইয়ের সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভোটার আইডি নম্বর বা অন্যান্য তথ্য দিয়ে সহজেই তালিকায় নিজের নাম খুঁজে দেখার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু এই পরিষেবা চালু হওয়ার পরই নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে ভোটারদের মধ্যে।
মঙ্গলবার রাত থেকে বহু ভোটার অভিযোগ করতে শুরু করেন, ওয়েবসাইটে গিয়ে ভোটার আইডি নম্বর দেওয়ার পর তাঁদের নামের জায়গায় ‘বিচারাধীন’ লেখা দেখা যাচ্ছে। যদিও এই সমস্যা সবার ক্ষেত্রে হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বুথ নম্বর, বিধানসভা কেন্দ্র বা অন্যান্য তথ্য দিয়ে সার্চ করলে ভোটারের সমস্ত তথ্য স্বাভাবিকভাবেই প্রদর্শিত হচ্ছে। ফলে ঠিক কোথায় সমস্যা হচ্ছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন-এর সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি সম্পূর্ণরূপে একটি যান্ত্রিক ত্রুটি। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে ভোটের আগে এমন বিভ্রান্তি তৈরি হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে।




















