কলকাতা – ভোট যত এগিয়ে আসছে, ততই বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা আটকাতে প্রশাসন তৎপর। কলকাতা শহরও এই নজরদারির আওতায় রয়েছে। কয়েকদিন আগে নাকা চেকিংয়ের সময় বাগুইআটি থেকে একজনের কাছ থেকে পিস্তল উদ্ধার করা হয়েছিল।
এবার ভোটের আবহে সল্টলেক, নারায়ণপুর, এয়ারপোর্ট এবং নিউটাউন থেকে আরও চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র আইনের অধীনে চারটি পৃথক ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিধাননগর দক্ষিণ থানার নাইট পেট্রোলিংয়ে সোমবার সল্টলেক থেকে মহম্মদ সোনু নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানার নাকা চেকিংয়ে শেখ নাজিমের কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়। রবিবার রাতে ইকোপার্ক থানার পুলিশ সাজিদ আলিকে গ্রেফতার করে, তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া শনিবার নারায়ণপুর থানার পুলিশ শেখ ফিরোজকে গ্রেপ্তার করে, তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।
ভোটের সময় কলকাতায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য রোধে পুলিশের এসটিএফ বিশেষ অভিযান চালাচ্ছে। প্রশাসন লক্ষ্য রাখছে যাতে ভোটের সময় বাইরে থেকে কেউ অশান্তির বীজ বপন করতে না পারে। রাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ভোটের সময় শহরে বেআইনি অস্ত্রের কারবার সাধারণত বৃদ্ধি পায়, তাই পুলিশ এই অপরাধ রোধে সক্রিয় অবস্থানে রয়েছে।


















