রাজ্য – বাংলায় বিধানসভা নির্বাচন কবে—এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা রাজ্যবাসী। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এবং দোল উৎসব মিটে গেলে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটায় বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক এন কে মিশ্র, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের নোডাল অফিসার, এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল, সিআরপিএফের আইজি এবং রাজ্য সিএপিএফ-এর কো-অর্ডিনেটর। বৈঠকে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, তাদের কোথায় রাখা হবে এবং যাতায়াতের ব্যবস্থা কীভাবে করা হবে—তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
উল্লেখযোগ্যভাবে, বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, নির্বাচন কমিশনের সম্মতিতেই এই বাহিনী পাঠানো হচ্ছে। আগামী ১ মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় আধাসেনা মোতায়েন শুরু হতে পারে বলেও প্রশাসনিক মহলে আলোচনা চলছে। প্রায় ৫০ হাজার আধাসেনা জওয়ানের থাকার ব্যবস্থা ও লজিস্টিক দেখভালের দায়িত্ব রাজ্য পুলিশের উপরই বর্তাবে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে এত বড় সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং সম্ভাব্য উত্তেজনা সামাল দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, যা ভোটের আগে আরও বাড়তে পারে বলেই ধারণা পর্যবেক্ষকদের।



















