ভোটের আগে তৃণমূলে বড় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো

ভোটের আগে তৃণমূলে বড় ভাঙন, বিজেপিতে যোগ দিলেন বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য- প্রথম দফার ভোটের ঠিক আগেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড়সড় চমক দেখা গেল। তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো হঠাৎই দলবদল করে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)। টিকিট না পাওয়া এবং দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াকেই তাঁর এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
বুধবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন খগেন্দ্রনাথ মাহাতো। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। এই দলবদলের ছবি প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।
বিজেপিতে যোগদানের পর খগেন্দ্রনাথ মাহাতো অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে তাঁর কোনও কার্যকর যোগাযোগ ছিল না। তিনি জানান, এতদিন দলীয় নির্দেশ মেনে কাজ করলেও ধীরে ধীরে তিনি নিজেকে একা ও উপেক্ষিত মনে করতে শুরু করেন। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, রাজ্যে বর্তমান শাসকদলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। পাশাপাশি তিনি দাবি করেন, জঙ্গলমহলের মানুষ এখন শুধুমাত্র ভাতার ওপর নির্ভর না করে কর্মসংস্থান ও উন্নত স্বাস্থ্য পরিষেবা চায়।
উল্লেখ্য, ২০২১ সালে পেশা ছেড়ে রাজনীতিতে প্রবেশ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন খগেন্দ্রনাথ মাহাতো। সেই সময় দল তাঁকে প্রার্থীও করেছিল। জঙ্গলমহলে চিকিৎসক হিসেবে তাঁর আলাদা পরিচিতি থাকলেও এবারের নির্বাচনে তিনি টিকিট পাননি। রাজনৈতিক মহলের মতে, এই কারণেই তাঁর মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যোগ দেন।
তিনি আরও অভিযোগ করেন, জঙ্গলমহলে উন্নয়ন হয়নি এবং সাধারণ মানুষ বঞ্চনার শিকার। মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
ভোটের আগে এই দলবদল পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top